নিজে নিজে কেক তৈরি গিয়ে অনেকেই ভাবেন, বাসায় তো ওভেন নেই, চুলায় আবার কীভাবে কেক বানানো যায়? কিন্তু ভাই ও বোনেরা, আপনি জানলে অবাক হবেন যে, একদম বেকারির মতো নরম তুলতুলে কেক বানানোর জন্য কোনো দামি ওভেনের প্রয়োজন হয় না। শুধু সঠিক প্রসেস বা নিয়মটা জানতে হয়।
আজকের আর্টিকেলটি পড়ার পর আমার বিশ্বাস, আপনাদের আর বাজার থেকে অস্বাস্থ্যকর কেক কিনতে হবে না। চলুন, একদম কাপের মাপে সহজভাবে শিখে নিই কীভাবে ঘরে বসে চুলায় সুস্বাদু স্পঞ্জি ভ্যানিলা কেক বানানো যায়।
কেক তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ
সঠিক মাপে উপকরণ নেওয়াটা কেক বানানোর সবচেয়ে বড় শর্ত। নিচে দেওয়া মাপগুলো একটু খেয়াল রাখবেন:
-
ডিম: ১টি (ফ্রিজে থাকলে ১ ঘণ্টা আগে বের করে রাখবেন)
-
চিনি: ১ কাপ
-
সয়াবিন তেল: আধা কাপ
-
তরল দুধ: ১ কাপ (হালকা গরম)
-
ময়দা: ২ কাপ
-
গুঁড়া দুধ: ২ চা চামচ (স্বাদ বাড়ানোর জন্য)
-
বেকিং পাউডার: ১ চা চামচ
-
ভ্যানিলা এসেন্স (Vanilla Essence): ২-৩ ফোঁটা
-
সামান্য লবণ (মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য)
অন্যান্য যা যা লাগবে:
-
একটি কেক তৈরির ডাইস (বা স্টিলের টিফিন বাটি)
-
সাদা কাগজ এবং সামান্য তেল (ব্রাশ করার জন্য)
-
একটি ছাঁকনি (উপকরণ চালার জন্য)
-
হ্যান্ড হুইস্ক (Hand Whisk) বা ইলেকট্রিক বিটার
-
একটি বড় পাতিল বা হাঁড়ি, স্ট্যান্ড এবং সামান্য বালি।
কেক তৈরির ধাপ সূমহ
ধাপ ১: কেক তৈরির বাটি বা ডাইস প্রস্তুত
পছন্দমতো আকারের একটি কেকের বাটি বা স্টিলের পাত্র নির্বাচন করুন। এবার সামান্য সয়াবিন তেল ডাইসের ভেতরে চারদিকে ভালোভাবে মাখিয়ে নিন। এরপর বাটির তলার মাপে একটি সাদা কাগজ গোল করে কেটে বিছিয়ে দিন এবং কাগজের ওপরও একটু তেল মেখে দিন। এতে কেক পাত্রের গায়ে লেগে যাবে না এবং নিচ থেকে পুড়ে যাবে না।
ধাপ ২: কেকের ব্যাটার বা মিশ্রণ তৈরি
-
একটি পরিষ্কার ও শুকনো পাত্রে ডিমটি ভেঙে নিন। এতে ১ কাপ চিনি দিয়ে হ্যান্ড মিক্সারের সাহায্যে ৭-৮ মিনিট ভালোভাবে ফেটিয়ে নিন, যেন চিনি গলে যায় এবং ডিমের রং কিছুটা সাদাটে হয়ে ফোম তৈরি হয়। (ইলেকট্রিক বিটার থাকলে সময় কম লাগবে)।
-
এরপর মিশ্রণটিতে ১ কাপ দুধ ও হাফ কাপ সোয়াবিন তেল দিয়ে দিন।
-
কাঁচা ডিমের গন্ধ দূর করতে এবং বেকারির মতো সুন্দর ঘ্রাণ আনতে এতে ২-৩ ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিন। (ভ্যানিলা এসেন্স না থাকলে লেবুর খোসার ওপরের সবুজ অংশ গ্রেটার দিয়ে খুব সামান্য গ্রেট করে দিতে পারেন)।
-
এবার একটি ছাঁকনিতে ২ কাপ ময়দা, গুঁড়া দুধ ও বেকিং পাউডার নিয়ে ভালোভাবে চেলে মিশ্রণে দিন। এতে ব্যাটারে কোনো দলা পাকিয়ে থাকবে না।
-
এখন সবকিছু আলতো হাতে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিন। খুব বেশি জোরে বা এলোমেলোভাবে ঘুঁটবেন না, তাহলে ডিমের ফোমি ভাব নষ্ট হয়ে কেক শক্ত হয়ে যাবে।
চুলায় বেক করার প্রসেস
-
মিশ্রণটি তৈরি হয়ে গেলে আগে থেকে রেডি করে রাখা কেকের বাটিতে ঢেলে দিন। একটি টুথপিক দিয়ে ব্যাটারের ভেতরে একটু নেড়ে দিন, যাতে ভেতরে জমে থাকা বাতাস (Air bubbles) বের হয়ে যায়।
-
এবার চুলার ওপর একটি বড় হাঁড়ি বসিয়ে ভেতরে ১ ইঞ্চি পরিমাণ বালি দিন এবং তার ওপর একটি স্ট্যান্ড বসান। বালি দিলে চুলার তাপ হাঁড়ির সব জায়গায় সমানভাবে ছড়ায়।
-
হাঁড়িটি ঢাকনা দিয়ে ৫ মিনিট মিডিয়াম আঁচে গরম (Pre-heat) করে নিন।
-
এরপর সাবধানে স্ট্যান্ডের ওপর কেকের বাটিটি বসিয়ে দিন। চুলার আঁচ একদম লো (Low) থেকে সামান্য একটু বাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন।
ধাপ ৪: কেক হয়েছে কিনা চেক করা
সাধারণত চুলায় কেক তৈরি হতে ৪০ মিনিট থেকে ১ ঘন্টা সময় লাগে। ৪০ মিনিট পার হওয়ার আগে কোনোভাবেই বারবার ঢাকনা খুলবেন না, এতে কেক চুপসে যায়।
৪০ মিনিট পর ঢাকনা উঠিয়ে একটি টুথপিক বা কাঠি কেকের ঠিক মাঝখানে ঢুকিয়ে পরীক্ষা করুন। যদি টুথপিকে কোনো কাঁচা মিশ্রণ লেগে থাকে, তবে আরও ১০-১৫ মিনিট বেক করুন। আর যদি কাঠি একদম পরিষ্কার বের হয়, তাহলে বুঝবেন আপনার স্পঞ্জি ভ্যানিলা কেক একদম রেডি!
গোপন ট্রিকস!
কেক চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা হওয়ার পর, ব্রাশের সাহায্যে কেকের ওপর সামান্য চিনি-পানির সিরাপ (Sugar Syrup) লাগিয়ে দিন। এতে কেকের ওপরের অংশ শক্ত হবে না এবং ভেতরটা একদম বেকারির কেকের মতো ভেজা ও নরম থাকবে।
আমার প্রিয় শেষ কথা
আশা করি, আজকের এই কেক তৈরির সহজ রেসিপিটি আপনাদের অনেক উপকারে আসবে। বিশেষ করে যাদের বাসায় ছোট বাচ্চা আছে, তাদের আর বাইরের অস্বাস্থ্যকর কেক কিনে খাওয়াতে হবে না।
আপনি কি এর আগে কখনো বাসায় চুলায় কেক তৈরি করেছেন? যদি করে থাকেন, তবে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার প্রথম কেক তৈরির অভিজ্ঞতাটি আমাদের সাথে শেয়ার করবেন। আর রেসিপি নিয়ে কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন।
ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন আর স্বাস্থ্যকর খাবারের জন্য আমার প্রিয় ডট কম-এর সাথেই থাকুন।
FAQ:
প্রশ্ন ১: বাসার চুলায় কি আসলেই ওভেনের মতো পারফেক্ট কেক বানানো সম্ভব?
উত্তর: হ্যাঁ, অবশ্যই সম্ভব! আপনি যদি সঠিক মাপে উপকরণ নেন এবং হাঁড়ির নিচে বালি দিয়ে সঠিক আঁচে (লো-হিট) বেক করেন, তবে চুলায় বানানো কেক ওভেনের চেয়েও বেশি নরম এবং স্পঞ্জি হয়।
প্রশ্ন ২: চুলায় কেক তৈরি হতে ঠিক কতক্ষণ সময় লাগে?
উত্তর: কেক তৈরি হতে নির্দিষ্ট কোনো ধরাবাঁধা সময় নেই। এটি মূলত চুলার তাপ এবং কেকের মিশ্রণের পরিমাণের ওপর নির্ভর করে। তবে সাধারণত ৪০ মিনিট থেকে ১ ঘণ্টার মধ্যেই চুলায় কেক পারফেক্টভাবে বেক হয়ে যায়।
প্রশ্ন ৩: বেক করার সময় কেক মাঝখান থেকে দেবে বা চুপসে যায় কেন?
উত্তর: এর প্রধান কারণ হলো কেক বেক হওয়ার সময় বারবার হাঁড়ির ঢাকনা খুলে চেক করা। বাতাস ঢুকে গেলে কেক চুপসে যায়। এছাড়া বেকিং পাউডার বেশি হয়ে গেলে বা ব্যাটার অতিরিক্ত ফেটালেও কেক দেবে যেতে পারে।
