সারা জীবনের হাড়ভাঙা খাটুনির টাকা জমিয়ে মানুষ একটা স্বপ্নের বাড়ি বানায়। কিন্তু বাড়ি বানাতে গিয়ে রড আর সিমেন্ট তো খুব দেখেশুনে কিনলেন, অথচ দেয়াল গাঁথতে গিয়ে যদি ইটটাই ভুল কিনে বসেন? ব্যাস! বছর ঘুরতে না ঘুরতেই দেখবেন ঘরের দেয়ালে নোনা ধরে গেছে, প্লাস্টার খসে পড়ছে, আর স্যাঁতস্যাঁতে গন্ধ বের হচ্ছে। তাহলে ভালো ইট চেনার উপায় কি আছে?
ইটের ভাটায় বা ডিলারের কাছে গেলে তারা তো সব ইটকেই ‘১ নাম্বার’ বলে গছিয়ে দেওয়ার চেষ্টা করে। মাঝখান থেকে প্রতারিত হয় আমার আপনার মত সাধারণ মানুষ। তাই আপনাদের কষ্টের টাকা যেন জলে না যায়, সেজন্য আজ আমি আপনাদের শেখাবো ভালো ইট চেনার উপায়। কোন ইঞ্জিনিয়ার বা মেশিন লাগবে না, একদম খালি হাতে আপনি নিজেই ভাটায় দাঁড়িয়ে কিভাবে আসল ১ নাম্বার ইট, ২ নাম্বার ইট আর পিকেট ইট চিনে নিবেন তার বিস্তারিত গাইডলাইন শেয়ার করবো।
চলুন, আর কথা না বাড়িয়ে সরাসরি কাজের কথায় আসি। কল্পনা করুন, আপনি ইটের ভাটায় বা ডিলারের সামনে দাঁড়িয়ে আছেন। এখন কী করবেন?
১ নাম্বার ইট চেনার ৫টি সহজ উপায়
১ নাম্বার ইট হলো বাড়ি তৈরির প্রাণ। এই ইট হবে একদম পারফেক্ট সাইজের, দেখতে সুন্দর লালচে রঙের। এমন ভালো ইট চেনার উপায় গুলো গুছিয়ে লিখে দিলাম।
-
১. সাউন্ড টেস্ট (ম্যাজিক টেস্ট): সবচেয়ে সহজ উপায়। দুই হাতে সেই দুইটা ইট নিন। এবার একটা ইটের সাথে আরেকটা ইট দিয়ে আলতো করে বাড়ি দিন বা ঠুকুন। যদি দেখেন ধাতব বা লোহার মতো টিং টিং বা টন টন একদম ক্লিয়ার শব্দ আসছে, তবে বুঝবেন ইট ১ নাম্বার এবং খুব ভালোভাবে পোড়ানো হয়েছে। আর যদি ‘ড্যাব ড্যাব’ বা ভোঁতা শব্দ হয়, তবে সেটা ২ বা ৩ নাম্বার ইট। যতই ভালো ইট বলুন এটা অবশ্যই চেক করবেন কারণ ভালো ইট চেনার সবচেয়ে সহজ উপায়-ই হলো এটি।
-
২. ড্রপ টেস্ট (উচ্চতা থেকে ফেলা): একটা ইট হাতে নিয়ে আপনার বুকের সমান (প্রায় ৪ ফুট) উচ্চতা থেকে শক্ত মাটিতে বা অন্য ইটের ওপর ছেড়ে দিন। ১ নাম্বার ইট হলে এতো সহজে ভাঙবে না। যদি দুমড়ে মুচড়ে ভেঙে যায়, তবে ওই ইটের দিকে আর ফিরেও তাকাবেন না!
-
৩. নখের আঁচড় (Scratch Test): ইটের গায়ে আপনার হাতের নখ বা কোনো শক্ত কাঠি দিয়ে জোরে আঁচড় কাটার চেষ্টা করুন। ১ নাম্বার ইট এতোটাই শক্ত হয় যে, এতে সহজে কোনো আঁচড় বা দাগ পড়বে না। দাগ পড়ে গেলে বুঝবেন ইট কাঁচা।
-
৪. ইটের রং ও শেপ: ১ নাম্বার ইটের রং হবে গাঢ় লাল বা তামার মতো লালচে। এর কোণাগুলো (Edges) হবে একদম শার্প বা ধারালো এবং সাইজ হবে একদম সমান। আঁকাবাঁকা বা এবড়োথেবড়ো হবে না।
-
৫. পানির পরীক্ষা (সবচেয়ে ভরসার উপায়): একটা শুকনো ইটের ওজন সাধারণত আড়াই কেজির আশেপাশে হয়। ইটটাকে ২৪ ঘণ্টা পানিতে ডুবিয়ে রাখুন। এরপর ওজন করে দেখুন। যদি ওজন খুব বেশি বেড়ে যায় (শুকনো ওজনের ১৫-২০% এর বেশি), তার মানে ইটটি ভেতরে ফাপা এবং প্রচুর পানি টানে। এমন ইট দিয়ে বাড়ি বানালে দেয়ালে নোনা ধরবেই!
দেখলেন তো সহজ কিছু পদ্ধতিতে কিভাবে ১নং ইট চেনা যায়? আশা করছি এখন থেকে ইট কিনলে আর ঠকবেন না।
👉 ১ নাম্বার ইট কোথায় ব্যাবহার করবেন?
বাড়ির প্রধান দেয়ালে, ইটের গাথুনি, বাইরের দেয়াল এবং যেখানে সরাসরি বৃষ্টির পানি লাগে—এমন সব জায়গায় চোখ বন্ধ করে ১ নাম্বার ইট ব্যাবহার করবেন।
২ নাম্বার ও ৩ নাম্বার ইট কীভাবে চিনবেন?
১ নাম্বার ইটের পরীক্ষাগুলো করলেই আপনি এগুলো চিনে ফেলবেন।
-
এগুলোর রং একটু ফ্যাকাশে বা হলদেটে হয় (মানে ঠিকমতো পোড়েনি)।
-
দুটো ইট ঠুকলে কোনো ‘টিং টিং’ শব্দ হয় না, ভোঁতা একটা শব্দ হয়।
-
নখ দিয়ে আঁচড় কাটলে দাগ পড়ে যায়।
-
এগুলো সাইজেও একটু বাঁকা বা অসমান হতে পারে। এগুলো দামেও একটু সস্তা হতে পারে।
👉 এগুলো কোথায় ব্যাবহার করবেন?
আপনার বাজেট যদি খুব টাইট হয়, তবে বাড়ির ভেতরের যেসব দেয়ালে কখনো বৃষ্টি বা রোদ লাগবে না (পার্টিশন ওয়াল), সেখানে ২ নাম্বার ইট দিতে পারেন। এছাড়া অস্থায়ী কোনো বাউন্ডারি ওয়াল বা একতলা ঘরের ফ্লোরের নিচে সোলিং করার কাজে ২ নাম্বার ইট দেওয়া যায়। তবে ৩ নাম্বার ইট দিয়ে কোনোভাবেই বাড়ির গাঁথুনি করবেন না, এতে প্লাস্টার খসে পড়বে।
পিকেট ইট কী এবং এটি কীভাবে চিনবেন?
অনেক সাধারণ মানুষ পিকেট ইট আর ১ নাম্বার ইট নিয়ে খুব কনফিউজড হয়ে যান। পিকেট ইট হলো সেই ইট, যেটা ভাটায় অতিরিক্ত তাপে পুড়ে একদম শক্ত, কালো বা গাঢ় খয়েরি রঙের হয়ে গেছে এবং সাইজে এবড়োথেবড়ো বা বাঁকা হয়ে গেছে। একে অনেকে ঝামা ইটও বলে থাকে।
-
চেনার উপায়:
পিকেট ইট এর রং কালচে হবে, আকার একদমই বাঁকা বা নষ্ট হবে এবং দুটো ইট ঠুকলে ১ নাম্বার ইটের চেয়েও কড়া লোহার মতো ‘টিং টিং’ শব্দ হবে।
👉 পিকেট ইট কোথায় ব্যাবহার করবেন?
ভাই, ভুল করেও পিকেট ইট দিয়ে বাড়ির দেয়াল গাঁথতে যাবেন না! এটি এতোটাই বাঁকা হয় যে মিস্ত্রিরা দেয়াল সোজা করতে পারবে না এবং এতে প্লাস্টারও ঠিকমতো আটকাবে না।
তাহলে পিকেট ইটের কাজ কী? পিকেট ইট হলো ছাদ ঢালাইয়ের খোয়া ভাঙার জন্য সেরা! ছাদ, কলাম বা ভিমের ঢালাইয়ের জন্য আমরা যে ইটের টুকরো বা খোয়া ব্যাবহার করি, সেটা অবশ্যই পিকেট ইট দিয়ে ভাঙতে হবে। কারণ পিকেট ইট সবচেয়ে বেশি শক্ত এবং মজবুত হয়। এছাড়া রাস্তার কাজে বা ফ্লোরের নিচে বেজ তৈরিতেও এটি ব্যাবহার করা হয়।
ভালো ইট চেনার আরও কিছু উপায়
উপরে বলা ৫টি প্রধান উপায়ের পাশাপাশি আপনি যদি ইটকে আরও একটু নিখুঁতভাবে যাচাই করতে চান, তবে ডিলারের দোকানে বা ভাটায় দাঁড়িয়ে নিচের এই ৩টি সহজ পরীক্ষাও করে দেখতে পারেন:
১. ভাঙা অংশের পরীক্ষা (ইটের ভেতরটা কেমন?):
একটি ইটকে হাতুড়ি বা অন্য কিছু দিয়ে মাঝখান থেকে দুই টুকরো করে ভেঙে ফেলুন। এবার ইটের ভাঙা বা ভেতরের অংশের দিকে ভালো করে তাকান। আসল ১ নাম্বার ইটের ভেতরটা বাইরের মতোই একদম নিরেট এবং একই রকম লালচে রঙের হবে। ভেতরে কোনো নুড়ি পাথর, মাটির দলা বা ফাঁপা অংশ (Hole) থাকবে না। যদি ভেতরে কালো দাগ বা ফাঁকা অংশ দেখেন, তবে বুঝবেন ইট ঠিকমতো পোড়ানো হয়নি বা মাটির মিশ্রণ ভালো ছিল না।
২. লবণাক্ততা বা সাদা পাউডারের পরীক্ষা (নোনা ধরার টেস্ট):
বাড়ি বানানোর পর দেয়ালে নোনা ধরবে কিনা, তা আগেই বোঝার সবচেয়ে জাদুকরী উপায় হলো এটি। একটি ইটকে পরিষ্কার পানিতে ভালোভাবে ভিজিয়ে রোদ ছাড়া ছায়াযুক্ত জায়গায় শুকোতে দিন। শুকানোর পর ইটের গায়ে যদি সাদা ছাই বা পাউডারের মতো কোনো দাগ ভেসে ওঠে, তবে বুঝবেন ওই ইটের মাটিতে প্রচুর ক্ষার বা লবণ আছে। ভাই বিশ্বাস করুন, এই ইট দিয়ে বাড়ি বানালে ভবিষ্যতে আপনার দেয়ালে ১০০% নোনা ধরবে এবং প্লাস্টার খসে পড়বে! তাই এই ধরনের ইট কেনা থেকে বিরত থাকুন।
৩. সাইজ এবং মাপের পরীক্ষা (মাপ ঠিক আছে তো?):
অনেক অসাধু ভাটা মালিক ইটের সাইজ একটু ছোট করে বানিয়ে সাধারণ মানুষকে ঠকায়, যাতে একই টাকায় তাদের কম মাটি খরচ হয়। এটি ধরার খুব সহজ উপায় হলো— সমতল জায়গায় ৫-৬টি ইট একটার ওপর আরেকটা লম্বালম্বি বা পাশাপাশি সাজিয়ে রাখুন। যদি দেখেন সবগুলো ইটের সাইজ একদম সমান, তবে ইট ঠিক আছে। জেনে রাখা ভালো, বাংলাদেশে একটি স্ট্যান্ডার্ড ইটের মাপ সাধারণত ৯.৫ ইঞ্চি (দৈর্ঘ্য) x ৪.৫ ইঞ্চি (প্রস্থ) x ২.৭৫ ইঞ্চি (উচ্চতা) হয়ে থাকে। পকেটে একটা ছোট মেজারিং টেপ রাখলে সাইজটা খুব সহজেই মেপে নেওয়া যায়।
ইট কেনার সময় ডিলাররা যে কারচুপি করতে পারে (সতর্কতা!)
দেখবেন অনেকে ভাটায় গিয়ে ১ নাম্বার ইট দেখে টাকা দিয়ে আসেন। কিন্তু ট্রাক যখন আপনার সাইটে এসে ইট আনলোড করে, তখন দেখবেন ট্রাকের ওপরের দিকে এবং চারপাশে ১ নাম্বার ইট সাজানো, কিন্তু ট্রাকের ঠিক মাঝখানে সব ২ নাম্বার বা ৩ নাম্বার ইট ঢুকিয়ে দিয়েছে!
তাই ইট আনলোড করার সময় নিজে অথবা বিশ্বস্ত কাউকে সাইটে দাঁড় করিয়ে রাখবেন। ইট নামানোর সময় মাঝখান থেকে কয়েকটা ইট নিয়ে সাউন্ড টেস্ট করে দেখবেন।
আমার প্রিয় শেষ কথা
বাড়ি বানানো কোনো ছেলেখেলা নয়, এটি সারা জীবনের শান্তির ঠিকানা। তাই ১০ টাকা বাঁচাতে গিয়ে কখনো খারাপ ইট কিনবেন না। ইট কেনার সময় এই ছোট ছোট ফিজিক্যাল টেস্টগুলো নিজে করে নিবেন, দেখবেন আপনার আত্মবিশ্বাস কতটা বেড়ে যায় এবং কেউ আপনাকে বোকা বানাতে পারবে না।
আশা করি ভালো ইট চেনার উপায় গুলো এবং এই বিস্তারিত গাইডলাইনটি আপনাদের অনেক উপকারে আসবে। আপনার বাড়ি তৈরির ক্ষেত্রে যদি আরও কোনো কনফিউশন থাকে বা আপনার এলাকায় ১ নাম্বার ইটের দাম বর্তমানে কত চলছে, তা নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন।
আপনাদের সঠিক তথ্য দিয়ে সাহায্য করাই আমার প্রিয় ডট কম-এর মূল উদ্দেশ্য। ভালো থাকবেন, আর আপনার স্বপ্নের বাড়িটি হোক একদম মজবুত!
FAQ:
প্রশ্ন ১: ছাদ ঢালাইয়ের খোয়া করার জন্য কোন ইট সবচেয়ে ভালো?
উত্তর: ছাদ, ভিম বা কলাম ঢালাইয়ের জন্য পিকেট ইট (ঝামা ইট) বা অতিরিক্ত পোড়া ইট সবচেয়ে ভালো। কারণ এটি সবচেয়ে বেশি শক্ত হয় এবং ঢালাইকে মজবুত করে। তবে সামর্থ্য থাকলে ইটের খোয়ার বদলে পাথর ব্যাবহার করা আরও ভালো।
প্রশ্ন ২: ইটের দেয়ালে নোনা ধরে কেন?
উত্তর: যদি আপনি কাঁচা বা ২/৩ নাম্বার ইট ব্যাবহার করেন, তবে সেই ইট মাটি থেকে প্রচুর পানি শুষে নেয়। ইটের ভেতরের সেই পানি এবং লবণের কারণেই পরবর্তীতে দেয়ালে নোনা ধরে এবং প্লাস্টার খসে পড়ে। তাই ১ নাম্বার ইট ব্যাবহার করা জরুরি।
প্রশ্ন ৩: ১০০০ ইটের গাঁথুনিতে কত বস্তা সিমেন্ট লাগে?
উত্তর: এটি দেয়ালের পুরুত্বের ওপর নির্ভর করে। তবে সাধারণত ৫ ইঞ্চি দেয়ালের ক্ষেত্রে ১০০০ ইটের গাঁথুনিতে প্রায় ৩ থেকে ৪ বস্তা সিমেন্ট এবং ১৫-২০ সিএফটি বালু লাগে।



